২১ ফেব্রুয়ারি ২০২৬
preview
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দুপচাঁচিয়ায় ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দিলেন এমপি আব্দুল মহিত তালুকদার

জেলা বার্তা পরিবেশক

দুপচাঁচিয়া প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুপচাঁচিয়া পৌর এলাকার সকল মসজিদের সম্মানিত ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। এ মহতী উদ্যোগ গ্রহণ করেন দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মহিত তালুকদার।

জানা গেছে, ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে এবং সমাজে ধর্মীয় দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের লক্ষ্যে এই সম্মানী ভাতা প্রদান করা হয়। দুপচাঁচিয়া পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগণ এ সম্মানী গ্রহণ করেন।

এ বিষয়ে মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল মহিত তালুকদার বলেন, “ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাঁদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে এই সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।”

তিনি আরও বলেন, সমাজের ধর্মীয় ও নৈতিক ভিত্তি সুদৃঢ় করতে ইমাম ও মুয়াজ্জিনদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের মধ্যে ইসলামের সঠিক শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের এই ভূমিকার যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদের আগে এ ধরনের উদ্যোগ ইমাম ও মুয়াজ্জিনদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। ধর্মীয় দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে তাঁরা সাধুবাদ জানিয়েছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, দুপচাঁচিয়া পৌর এলাকায় ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতা প্রদান নিঃসন্দেহে একটি প্রশংসনীয় পদক্ষেপ, যা ঈদের আনন্দকে আরও বিস্তৃত ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরুখ খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মুনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, উপজেলা যুবদলের আহবায়ক আফসার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন হিসাব রক্ষন কর্মকর্তা দেওয়ান আহসানুর রাশেদ।


এমডি রহমান

ফোন : +1 4647335595, ই-মেইল: protidhoni24@gmail.com