১৯ জুলাই ২০২৬
preview
পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে জায়গা পাচ্ছেন আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

MezDhoni


বাংলাদেশি পাসপোর্টে আবারও যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এই শব্দবন্ধ পুনর্বহাল করে আজ রোববার সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি এই সিদ্ধান্ত বাস্তবায়নে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ভাষ্য, এখন থেকে তৈরি হওয়া সব পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি থাকবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত ও ফিলিস্তিন প্রশ্নে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে মিল রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁরা জানিয়েছেন।

সরকারি আদেশে বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি নতুনভাবে সাজিয়ে নকশায় পরিবর্তন, সংযোজন ও সংশোধন করে জলছাপ পুনর্বিন্যস্ত করা হয়েছে। আদেশ পর্যালোচনায় দেখা যায়, জলছাপে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। নতুন জলছাপে যুক্ত হয়েছে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং শহীদ ওয়াসিম আকরামের ছবিসমৃদ্ধ ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ নামের সংযোজন। এ ছাড়া যুক্ত হয়েছে সব ধর্মের প্রতীক।

নতুন তৈরি হওয়া ই-পাসপোর্টের জলছাপে থাকবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের সমুদ্রসৈকত ও ঝাউবন (নৌকা ছাড়া), সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, ঢাকার আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বান্দরবানের স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে চার হাজার কোটি টাকা খরচে ই-পাসপোর্ট পরিষেবা চালু হয়। তখনই পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয় ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। এর পর থেকেই বিভিন্ন মহল থেকে ফের এই শব্দবন্ধ যুক্ত করার দাবি উঠতে থাকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাসপোর্টে পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিক সভা করে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায়, আর প্রধানমন্ত্রী ই-পাসপোর্টে কয়েকটি নতুন ছবি যুক্ত করার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী জলছাপে পরিবর্তন এনে আজ সরকারি আদেশ জারি হলো।

পাসপোর্ট থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকত, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।

এর বদলে নতুন করে যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকার ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে দাঁড়িয়ে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ছবি এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি। এই তিন ছবি একসঙ্গে নাম পেয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে সব নতুন পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না; মেয়াদ শেষে নবায়নের সময় তাঁরা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার অনুমোদিত জলছাপে এই নতুন ছবি যুক্ত থাকবে।


এমডি রহমান

ফোন : +1 4647335595, ই-মেইল: protidhoni24@gmail.com